চট্টগ্রাম, নগরের আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ান বাজার পর্যন্ত এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে প্রায় দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানকালে আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ান বাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে বসানো ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চসিক সূত্র জানায়, অভিযানের সময় ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।