বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদন আরও সহজ, ক্যান্টন ফেয়ার ঘিরে নতুন সুবিধা

অফিসিয়াল আমন্ত্রণপত্রই হবে প্রধান নথি; জাল কাগজপত্র ও ভুয়া প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকার আহ্বান

ঢাকা: বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে বিশেষ এই সুবিধা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনী ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণে আগ্রহীদের ভিসা আবেদনের ক্ষেত্রে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই তা প্রধান ও আবশ্যিক নথি হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া আবেদনকারীরা চাইলে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড অথবা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনপত্রে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে বর্তমান আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর যোগ্যতা বিবেচনায় নির্ধারণ করা হবে।

এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ বা ‘ভেতরের যোগাযোগ’–এর মতো প্রলোভনমূলক দাবির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

ভিসা-সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার পাশাপাশি ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইনে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।