২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। সংসদ থেকে ভোটার তালিকা ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে এসেছে এবং তফসিলও চূড়ান্ত করা হয়েছে। এখন বাকি প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচন কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন জাতীয় সংসদের সদস্যরা।

উল্লেখ্য, ‘গুরুতর অসুস্থতার’ কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই এ নির্বাচনের ভোটার। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হয়। পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও থাকতে হয়।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে একবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।