বজ্রপাতে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গ্যাস রাইজারে আগুন

বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসার গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসার সামনে গ্যাস রাইজারের কাছে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

তিনি বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।