চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল সমর্থক সাংবাদিকদের দল।
বুধবার (১০ জুন) রাতে নগরের চান্দগাঁও এলাকার একটি মাঠ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। ফুটবলপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ ব্যতিক্রমী ম্যাচ উপভোগ করতে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও দর্শকরা মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচটি পরিচালনা করেন বণিক বার্তার দেবব্রত রয়।
খেলার প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল সমর্থক সাংবাদিকরা একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চ্যানেল আইয়ের ইকবাল হোসেন দারুণ এক গোল করে ব্রাজিল সমর্থক দলকে এগিয়ে দেন। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের দল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে কয়েক মিনিট পর বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার মাহমুদ ব্যবধান দ্বিগুণ করেন। আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষক সুজিত সাহাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
ব্রাজিল সমর্থক সাংবাদিক দলে খেলেছেন বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, ডিবিসি নিউজের মুজিবুল হক, ঢাকা পোস্টের রহমান মিজান, সময় টিভির সাখাওয়াত হোসেন টিপু, অনিক বিশ্বাস, কালের কণ্ঠের মেহরাজ বিন আলম, চ্যানেল আইয়ের ইকবাল হোসেন এবং চট্টগ্রাম টোয়েন্টিফোরের নুরুল আলম।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক দলে ছিলেন বণিক বার্তার সুজিত সাহা, ফটোজার্নালিস্ট মাসুমুল ইসলাম, ভিডিও জার্নালিস্ট সুজন আচার্য, এনটিভির সুমন গোস্বামী, ডিবিসি নিউজের মুন্না, কালবেলার মোহাম্মদ সুমন, জাগো নিউজের রফিক হায়দার, কালের কণ্ঠের সাকিব, বাংলানিউজের বায়োজিদ ইমন এবং মিল্টন বিজয়।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেনসহ গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
সাংবাদিকদের এই প্রীতি ম্যাচ শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।