চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগেও সেই মানসিকতার প্রতিফলন ঘটেছে। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটির পাশাপাশি ‘মানবিক নগরী’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই বছরের অগ্রযাত্রা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নগরীর বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ নানা সমস্যা নিয়ে ডা. শাহাদাত হোসেনের কাছে আসেন। তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী চিন্তার মিল রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় থেকেই ডা. শাহাদাত হোসেন এই চিন্তা ধারণ করে আসছেন।
চসিকের ডিজিটাল নাগরিক সেবা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজেও ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নিবন্ধন করেছেন। নগরবাসীকে এই অ্যাপে নিবন্ধন করে সেবা নেওয়ার পাশাপাশি পরিচিতদেরও এর সুবিধা সম্পর্কে জানানোর আহ্বান জানান তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোর নাগরিক সেবা কীভাবে পাওয়া যায়, সে বিষয়ে মানুষকে অবহিত করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নিজ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি চসিক প্রশাসকের সঙ্গে বৈঠকে ওই দুই ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজের বিষয়ে আলোচনা হয়েছে। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সিটি কর্পোরেশনের নিয়মিত দায়িত্ব হলেও এসব কাজ পরিকল্পনা ও সৃজনশীলতার সঙ্গে করা প্রয়োজন। কোন এলাকায় কী উন্নয়ন হয়েছে এবং মানুষ কীভাবে সুফল পাচ্ছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
ফুটপাত দখল, যানজট ও পার্কিং সংকট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখতে হবে। একই সঙ্গে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ফুটপাত থেকে উচ্ছেদের আগে তাঁদের বিকল্প ব্যবসার ব্যবস্থা কোথায় করা যায়, তা সংশ্লিষ্ট সংস্থা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা উচিত।
পার্কিং সংকটের বিষয়ে তিনি বলেন, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে জরিমানা করা হচ্ছে। কিন্তু যেসব এলাকায় গাড়ি রাখার নির্ধারিত জায়গা নেই, সেখানে চালকেরা কোথায় গাড়ি রাখবেন, সেই ব্যবস্থাও করতে হবে। জলাবদ্ধতা নিরসনসহ নগরের বিভিন্ন সমস্যা সমাধানে চসিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীরাও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়াশ্রম ও বিনোদন পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়েও চসিক প্রশাসকের সঙ্গে আলোচনার কথা জানান প্রতিমন্ত্রী। এসব বিষয়ে চসিকের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের জন্য কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও প্রধানমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের পাশাপাশি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষ উপকৃত হবেন।
সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। এ লক্ষ্য বাস্তবায়নে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। নগরবাসীর পক্ষ থেকে তিনি এ স্বীকৃতি গ্রহণ করেছেন।
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, এ পর্যন্ত ২০ হাজার ২৮৭ জন নাগরিক অ্যাপটিতে নিবন্ধন করেছেন। সড়ক, মশা, বর্জ্য, সড়কবাতি, নালা-নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য—এই ১০টি বিষয়ে নাগরিকেরা আবেদন ও অভিযোগ জানাতে পারছেন। এখন পর্যন্ত জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান করা হয়েছে। বাকি আবেদন নিষ্পত্তির কাজ চলছে।
চসিকের আর্থিক অবস্থার বিষয়ে প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের সময় সংস্থাটির দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে চসিকের ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় করা গেলে অবশিষ্ট দেনা পরিশোধের পরও ব্যাংকে অর্থ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া পৌরকর আদায়েও চসিক আগের রেকর্ড ছাড়িয়েছে বলে জানান প্রশাসক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।