চট্টগ্রামে ব্রাজিল সমর্থক সাংবাদিকদের দাপুটে জয়

ফুটবল উন্মাদনায় মুখর সন্ধ্যা, মাঠে জমজমাট লড়াইয়ে গোল করলেন ইকবাল হোসেন ও আজহার মাহমুদ

২২

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ম্যাচে দারুণ দাপট দেখিয়ে ২-০ গোলে জয় তুলে নিয়েছেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা।

বুধবার রাতে নগরের চান্দগাঁও এলাকার একটি মাঠ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। ফুটবলপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও দর্শকরা। ম্যাচটি পরিচালনা করেন বণিক বার্তার দেবব্রত রয়।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দল গোলের দেখা পায়নি। তবে বিরতির পর খেলার গতি বাড়ে। ব্রাজিল সমর্থক সাংবাদিককের শৈল্পিক ফুটবল নৈপুন্যে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে ফলাফল। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যে ব্রাজিল সমর্থক সাংবাদিকদের হয়ে প্রথম গোল করেন চ্যানেল আইয়ের ইকবাল হোসেন। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন আর্জেন্টিনা সমর্থক দল। তবে কয়েক মিনিট পর ব্রাজিল সমর্থকদের নিপুন ক্রীড়াশৈলীতে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার মাহমুদ আরও একটি গোল করে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন। তিনি আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষক বণিক বার্তার সুজিত সাহাকে পরাস্ত করে বল জালে জড়ান।

ম্যাচে ব্রাজিল সমর্থক সাংবাদিক দলে খেলেছেন বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, ডিবিসি নিউজের মুজিবুল হক, ঢাকা পোস্টের রহমান মিজান, সময় টিভির সাখাওয়াত হোসেন টিপু, অনিক বিশ্বাস, কালের কণ্ঠের মেহরাজ বিন আলম, চ্যানেল আইয়ের ইকবাল হোসেন ও চট্টগ্রাম টোয়েন্টিফোরের নুরুল আলম।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক দলে ছিলেন বণিক বার্তার সুজিত সাহা, দক্ষিণ পূর্বের মাল্টিমিডিয়া ইনচার্জ মাসুমুল ইসলাম, ভিডিও জার্নালিস্ট সুজন আচার্য, এনটিভির সুমন গোস্বামী, ডিবিসি নিউজের মুন্না, কালবেলার মোহাম্মদ সুমন, জাগো নিউজের রফিক হায়দার, কালেরকন্ঠের সাকিব, বাংলানিউজের বায়োজিদ ইমন ও মিল্টন বিজয়।

খেলায় অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগলুল হোসেন নয়ন, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেন প্রমুখ।

ম্যাচ-পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে জগলুল হোসেন নয়ন বলেন, “খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীরা পেশাগত ব্যস্ততার কারণে খেলাধুলার মতো চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ খুব কম পান। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বড় উৎসব। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের এই প্রীতিম্যাচ শুধু বিনোদনই নয়, সহকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতারও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড় ও টিম প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.