চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো. নাছিরকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার নাছির পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নাছিরের বাবার একটি বাইসাইকেল চুরি হয়। এর জের ধরে গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চোর সন্দেহে কয়েকজন ধরে নিয়ে যায়।
পরে তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপর স্থানীয় একটি মাঠে নিয়ে বাঁশ দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তার গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চরপাড়া এলাকায় মরদেহ মাঠে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসা (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, নাছির ফটিকছড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।