বিশ্ব ডায়াবেটিস দিবসে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার–

‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ প্রতিপাদ্যে রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতালের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়।

পরে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলা কনফারেন্স হলে ‘Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসক এবং মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও গাইনি বিভাগের বিশেষজ্ঞরা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে রোগের ঝুঁকি কমাতে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।

সেমিনারে প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এ. এস. এম. জাহেদ, পার্কভিউ হসপিটাল লিমিটেডের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।

বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা হলেও সঠিক সময়ে শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের কোনো বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগীদের সম্মিলিত সচেতনতা জরুরি। চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরা, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।

উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক ও সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে কাজ করছে।