বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খান গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী হিসেবে পরিচিত গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানাধীন ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে পরিচয় দিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার খান। এ সময় বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী হিসেবে পরিচিত। তিনি বড় সাজ্জাদের অধীনে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ছাড়া বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে গোলাম সারোয়ার খান চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তার সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ড এবং সহযোগীদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, চট্টগ্রাম মহানগর এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধে গোলাম সারোয়ার খানের সম্পৃক্ততার বিষয়টি ইতোমধ্যে খতিয়ে দেখা হচ্ছে।