সিএমপিতে দুই পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরালেন কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক ও মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (৮ নভেম্বর) সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার।

এ সময় সিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন পদমর্যাদায় অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।