‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পটিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ-আল মামুন বলেন, সমবায় শুধু সঞ্চয় কিংবা ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের কার্যকর মাধ্যম। স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমবায় সমিতিগুলো পরিচালিত হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ সময় তিনি সমবায়ীদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টা। পটিয়ার বিভিন্ন সমবায় সমিতি সঞ্চয় সৃষ্টি, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। এসব উদ্যোগ আরও গতিশীল করতে নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সমবায়ীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ ধর এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন মরিয়ম আশ্রম খ্রিস্টীয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান খ্রিস্টফার ক্যুইয়া, গ্রামীণ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক মিতা দাশ, হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (জিকু) সভাপতি লাকী দেবী, পশ্চিম পটিয়া অটো টেম্পু সমবায় সমিতির সম্পাদক মো. সোলাইমান এবং রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক কাঞ্চন নাথ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সদস্যদের মধ্যে ঐক্য, আস্থা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, সঞ্চয় ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমিতির আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তাঁরা।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি ও সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া সমিতিগুলোর মধ্যে রয়েছে মরিয়ম আশ্রম খ্রিস্টীয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, প্রভা বহুমুখী সমবায় সমিতি, ধলঘাট আর্বান সমবায় সমিতি, মুকুট সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।
এ ছাড়া সফল সমবায়ী হিসেবে গ্রামীণ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি বাবলা মল্লিককে সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সমিতির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।