চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে উদ্ধার করা ১০ ফুট লম্বা একটি অজগরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে অজগরটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে অজগরটি লোকালয়ে চলে এলে স্থানীয়দের আক্রমণের শিকার হয়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল অজগরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য এভারকিউর ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অজগরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় এর মাথা ও বুকের দিকে দুটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। পরে চিকিৎসকরা জানান, অজগরটির অস্ত্রোপচার প্রয়োজন।
ভেটেরিনারি সার্জন ডা. সুমাইয়া মলি, ডা. মোহাম্মদ রাসেল, ডা. মোমিন বিন রহিম ও ডা. বোরহান উদ্দীনের সমন্বয়ে গঠিত ভেটেরিনারি মেডিকেল বোর্ড অজগরটির অস্ত্রোপচার শুরু করে। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে অজগরটির জ্ঞান ফিরে আসে।
সার্জন ডা. সুমাইয়া মলি বলেন, “সাপটিকে আমরা অজ্ঞান অবস্থায় পাই। মাথা ও বুকের দিকে ধারালো কোনো দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।”
অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে ডা. মোহাম্মদ রাসেল বলেন, “প্রাথমিকভাবে সাপটির মেরুদণ্ড ভেঙে গেছে। জখম অংশগুলো সেলাই করা হয়েছে এবং ড্রেসিং করা হয়েছে।”
ডা. মোমিন বিন রহিম বলেন, ক্রমাগত বনাঞ্চল ধ্বংসের কারণে বন্যপ্রাণীদের আবাসস্থল সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে তারা খাবার ও আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসছে এবং মানুষের সঙ্গে সংঘর্ষের শিকার হচ্ছে।
জানা গেছে, অজগরটি আগামী সাত দিন ডা. মোহাম্মদ রাসেলের নিবিড় পর্যবেক্ষণে থাকবে। এ সময় বন্যপ্রাণী উদ্ধারকর্মী সিদ্দিকুর রহমানের তত্ত্বাবধানেও অজগরটির দেখভাল করা হবে।