জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর-পশ্চিম বিভাগের অভিযানে জাল টাকা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি ডিবি (বন্দর) টিম-৫৩-এর পুলিশ পরিদর্শক কাজী মাহফুজ হাসান সিদ্দিকীর নেতৃত্বে গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ ধারায় মামলা করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়াঘরের একটি কক্ষে জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট রয়েছে।

এর ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে ওই বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকা মূল্যমানের ৪৩টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল নোট এবং ১ হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা। এছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে রিমান্ড শেষে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.