আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টির ফাইনাল কাল, থাকছে অ্যাশেজসহ একাধিক ব্যান্ডের কনসার্ট
শিরোপার লড়াইয়ে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ; চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা
চট্টগ্রামে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল ম্যাচ, পুরস্কার বিতরণী ও জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে ২৪ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট।
শহীদ শাহজাহান মাঠে সকাল ১১টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। ম্যাচ শেষে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্সসহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করবে।
শুক্রবার বিকেলে শহীদ শাহজাহান মাঠে ফাইনাল ও কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং এলাকার পরিবেশকে আলোকিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে জাগিয়ে তুলতে পারলে সমাজ থেকে মাদকাসক্তি দূর করা সম্ভব। তরুণদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে তাঁরা কাজ করছেন।
মোশাররফ হোসেন দীপ্তি আরও বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের পর এবার আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টেরও সফল সমাপ্তির দ্বারপ্রান্তে তাঁরা। এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতাকর্মী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা, সদস্য, স্বেচ্ছাসেবক, ক্রীড়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় তিনি ‘বেগম খালেদা জিয়া স্মৃতি মহানগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণাও দেন। শিগগিরই এ টুর্নামেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শক ও সংগীতপ্রেমী তরুণদের সুশৃঙ্খলভাবে ফাইনাল ম্যাচ এবং কনসার্ট উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, নগর যুবদলের সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী সকিনা বেগম, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, জাহিরুল হক টুটুল, আরিফুর রহমান মাস্টার আরিফ, ইউনুছ মুন্না, শওকত খান রাজু, ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, বাদশা আলমগীর, সাইফুল আলম, জহিরুল ইসলাম জহির, সাবেক কোচ মাহাবুব আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২৪টি দলের অংশগ্রহণে শুরু হয় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৬৬ রানে আলো সিঁড়ি ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ৪ উইকেটে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা প্রাইজমানি। পাশাপাশি থাকবে আকর্ষণীয় ট্রফি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকছে বিশেষ ক্রেস্ট ও প্রাইজমানি। ফাইনাল ম্যাচেও শিক্ষার্থী ও দর্শকদের জন্য থাকবে র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.