চট্টগ্রামে রিও ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের অভিযোগ

চট্টগ্রামের মাজায়দার এলাকায় রিও ক্যাফেতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ ও বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি পচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদাসীনতারও প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের পাশাপাশি চকোলেট ডোনাট ও পেস্ট্রিজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। যথাযথ নিবন্ধন ও প্রয়োজনীয় সনদ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনারও প্রমাণ পাওয়া যায়।

এসব অসঙ্গতির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় বর্ণিত দণ্ড তফসিল অনুযায়ী ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে রিও ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে।

অভিযান পরিচালনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র‌্যাব-৭, সিএমপি চট্টগ্রাম ও ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল সমন্বয় করে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.