পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল হামলা, প্রধান ফটকে আগুন—

৫

প্রতিবেদন: কাউছার আলম, পটিয়া

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোররাতে ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে ২-৩ জন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের শাখার প্রধান ফটকের সামনে এসে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই ফটকে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার স্প্রে ব্যবহার করেন। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার ধরন, দুর্বৃত্তদের সংখ্যা ও পালিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক কবির খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকজন মুখোশধারী ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী এসে ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে, পটিয়ায় প্রথম বারের মতো প্রতিষ্ঠানটির একটি শাখায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভোরের নির্জন সময়ে মুখোশ পরে দুর্বৃত্তদের এমন তৎপরতা নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে হামলার পেছনে কোনো কারণ বা উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ভোরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.