সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় মাদ্রাসার বাস, শিক্ষকসহ নিহত ২, আহত ২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, আশঙ্কাজনক ৬ জন চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ডোবায় পড়ে গেছে কক্সবাজারগামী শিক্ষাসফরের একটি বাস। এতে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।

চমেক হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত ছয়জন হলেন কুমিল্লার বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিসা পরিবহনের বাসটি কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা মাদ্রাসার বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালান। এ ঘটনায় দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।