বাজেটে কেরুর মদের ওপর নতুন কর, লিটারে অতিরিক্ত ৫০০ টাকা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কেরুর উৎপাদিত মদের ওপর নতুন করে ভ্যাট আরোপের লক্ষ্যে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে এতদিনের কর কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে।

এতদিন কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রযোজ্য ছিল। প্রতিষ্ঠানটি নির্ধারিত হারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আবগারি শুল্ক পরিশোধ করলেও কোনো ভ্যাট দিতে হতো না। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে আবগারি শুল্কের পাশাপাশি ভ্যাটও যুক্ত হবে।

ফলে কেরুর উৎপাদিত মদ ক্রয় ও সেবনের ক্ষেত্রে ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাজারে কেরুর মদের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির মুনাফাও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি তাদের মূল চিনিকল কার্যক্রমের তুলনায় ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকেই প্রতি বছর সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে থাকে।