হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ

চট্টগ্রামে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ। হারিয়ে যাওয়া এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করে এক এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম। এ ঘটনার স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার নগরীর রৌফাবাদ এলাকা থেকে বিআরটিসির দোতলা বাসে করে তার পরীক্ষাকেন্দ্র বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ)-এ যাওয়ার পথে অসাবধানতাবশত এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকা ফাইলটি বাসে ফেলে নেমে যায়। পরে বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে তথ্য পাঠান।

এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন দেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের হাতে তুলে দেওয়া হয়। ফলে সে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।

পুলিশের এ মানবিক উদ্যোগে পরীক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিএমপি কমিশনারের প্রতিও ধন্যবাদ জানান। এ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.