পটিয়ার শ্রীমাই পাহাড়ে ২৪ কৃষক-শ্রমিককে জিম্মি করে রাতভর নির্যাতন, ৫০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে ঘরে ফেরা–
বিকাশে ৫০-৮০ হাজার টাকা পাঠিয়ে মুক্তি, রাতভর নির্যাতন ও প্রাণনাশের হুমকি
কাউছার আলম, পটিয়া
চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের শ্রীমাই পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন অন্তত ২৪ জন কৃষক ও শ্রমিক। তাঁদের হাত-পা বেঁধে দুর্গম পাহাড়ি জঙ্গলে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরে পরিবারের কাছে ফোন করে প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে দরিদ্র কৃষক-শ্রমিকদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত বিকাশে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে পাঠিয়ে মুক্তি পান তাঁরা।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে শ্রীমাই পাহাড়ের ডেইলি ছড়ার মুখ ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৩৬ ঘণ্টা জিম্মি থাকার পর বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একে একে বাড়ি ফেরেন অপহৃতরা। তবে স্থানীয় পর্যায়ে অপহৃতের সংখ্যা ২৫ জন বলেও তথ্য পাওয়া গেছে।
মুক্তি পেলেও আতঙ্ক কাটেনি ভুক্তভোগীদের। অভিযোগ, বাড়ি ফেরার আগে অপহরণকারীরা তাঁদের কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছে, ঘটনার কথা কাউকে জানালে কিংবা পুলিশের কাছে অভিযোগ করলে প্রাণে মেরে ফেলা হবে। এমনকি ভবিষ্যতে পাহাড়ে গেলে জবাই করে লাশ ছড়িয়ে-ছিটিয়ে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এ কারণে কেউ এখন পর্যন্ত থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাতটার দিকে হাইদগাঁওয়ের শ্রীমাই পাহাড়ে কৃষিকাজ, বাগানের ফসল সংগ্রহ এবং বাঁশ ও লাকড়ি আনতে যান তাঁরা। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাঁদের আটক করে পাহাড়ের গভীর জঙ্গলে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে মুক্তি পাওয়া এক শ্রমিক জানান, আটকের পর তাঁদের দড়ি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে প্রায় ৪০ মাইল দূরের একটি দুর্গম জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পথে দফায় দফায় মারধর করা হয়। পরে শিকল পরিয়ে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়।
সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে ওই শ্রমিক বলেন, গভীর রাতে অপহরণকারীরা তাঁদের ফেলে রেখে মদপান ও নেশা করছিল। কাউকে খাবার বা পানি দেওয়া হয়নি। পানি চাইলে মারধর করা হতো। রাত তিনটার দিকে হাঁটুসমান কাদার মধ্যে দাঁড় করিয়ে সামান্য ভাত দেওয়া হয়। ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে সেই ভাত খেতে হয়েছে।
তিনি আরও বলেন, পরদিন সকাল নয়টার দিকে একটি উঁচু পাহাড়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। তখন প্রত্যেকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। দাবিকৃত টাকা দিতে না পারার কথা জানালে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা বিকাশে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পাঠালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কয়েকজনকে একসঙ্গে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে কার কাছ থেকে ঠিক কত টাকা আদায় করা হয়েছে এবং কোন কোন বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।
মুক্তি পাওয়া কয়েকজনের অভিযোগ, অপহরণকারীরা তাঁদের পরিচয় জানতে চাইলে ‘শান্তি বাহিনী’ বলতে নির্দেশ দিয়েছে। তাঁদের ধারণা, অপহরণকারীদের কথাবার্তায় রাঙ্গুনিয়া এলাকার লোকজন বলে মনে হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত নন তাঁরা। অপহরণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ও কিরিচ ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরও অভিযোগ রয়েছে, ভবিষ্যতে পাহাড়ে যাঁরা বাগান করবেন, তাঁদের অপহরণকারীদের টাকা দিয়েই চাষাবাদ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে পাহাড়ের কৃষিজমি ও বাগানের ওপর সংঘবদ্ধ একটি চক্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, ঘটনার পর অপহৃতরা বাড়ি ফিরে এলেও কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। বুধবার রাতে পটিয়া থানা আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ নিজ উদ্যোগে অনুসন্ধান শুরু করেছে।
পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে সবাই ফিরে এসেছেন বলে শুনেছেন। আরও কেউ নিখোঁজ থাকলে তাঁদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে। পাহাড়ে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা কোথা থেকে আসে, তাদের শক্তির উৎস কোথায় এবং কীভাবে অপরাধ পরিচালনা করে, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের পৃথক দল এ বিষয়ে কাজ করছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে মুক্তিপণ দিয়ে সবাই ফিরে এসেছেন বলে পুলিশ জানতে পেরেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
পুলিশের একটি দল মুক্তিপণের টাকা পাঠানোর জন্য ব্যবহৃত বিকাশ নম্বরগুলো ধরে তদন্ত করছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগীদের দাবি, টাকা উত্তোলনের পর অপহরণকারীরা সংশ্লিষ্ট সিম নষ্ট করে ফেলেছে।
স্থানীয় কৃষক, বাগানমালিক ও বাসিন্দারা জানান, শ্রীমাই পাহাড়ে অপহরণের ঘটনা এবারই প্রথম নয়। প্রায় দুই মাস আগে একই এলাকায় দুই থেকে তিনজন কৃষককে অপহরণ করে প্রত্যেকের কাছ থেকে প্রায় এক লাখ টাকা করে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছিল। এর আগে পূর্ব হাইদগাঁওয়ের শ্রীমাই পাহাড়ে নিজ বাগান থেকে এক বাগানমালিককে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্রধারী একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। পাহাড়ে বাগান ও কৃষিকাজ করতে যাওয়া মানুষকে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে তারা। মুক্তিপণের টাকা বিকাশে নেওয়ার পর আত্মগোপনে চলে যাচ্ছে।
হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন মেম্বার বলেন, মঙ্গলবার সকালে কৃষক অপহরণের ঘটনা ছড়িয়ে পড়ার পর ওই এলাকার অনেকেই আর পাহাড়ে যাননি। তবে কাছাকাছি এলাকায় কেউ কেউ গেছেন। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে একে একে ১৮ জন বাড়িতে ফিরেছেন বলে তাঁরা খবর পেয়েছেন। তাঁদের অনেকেই পাহাড়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এ ঘটনার পর পাহাড়ে যাওয়ার কথা ভাবলেই তাঁদের মধ্যে আতঙ্ক কাজ করছে।
মুক্তি পাওয়া আরেক কৃষক বলেন, পাহাড়ে দিনমজুরের কাজ করে পরিবার চালান তিনি। এখন নিরাপদে পাহাড়ে যেতে পারছেন না। আবার পাহাড়ে না গেলে সংসার চলবে কীভাবে, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, অপহরণ ও মুক্তিপণের ভয়ে পাহাড়ে যাওয়া বন্ধ হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। আর্থিক সংকটে পড়বে বহু পরিবার। জীবিকার তাগিদে পাহাড়ে গেলেও অপহরণের ঝুঁকি থেকে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, পাহাড়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিরাপত্তা চৌকি স্থাপন, স্থায়ী নিরাপত্তা ক্যাম্প, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং পাহাড়ের ভেতরে অপরাধীদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করে সমন্বিত অভিযান চালাতে হবে।
সব মিলিয়ে শ্রীমাই পাহাড়ে একের পর এক অপহরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীরা পুলিশের কাছে মুখ খুলতে না পারায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ছে। এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হলো ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিপণের অর্থের লেনদেন অনুসরণ করে অপরাধীদের শনাক্ত করা এবং পাহাড়ে কৃষক-শ্রমিকদের নিরাপদে কাজ করার পরিবেশ ফিরিয়ে আনা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.