আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় নয়: এমপি এনাম
দেশের জানমাল রক্ষায় সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, আগুন সন্ত্রাস, অবৈধ মিছিল-মিটিং কিংবা জনগণের মধ্যে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। কখন পুলিশ আসবে, কখন সেনাবাহিনী আসবে, কখন বিজিবি আসবে—সেই অপেক্ষায় আমরা বসে থাকতে পারব না। আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে বাড়ি থেকে ধরে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এটা মগের মুল্লুক নয়, যে যার ইচ্ছামতো সন্ত্রাস করবে।’
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের শক্তি কোনো বিশেষ গোষ্ঠী নয়, এ দেশের জনগণ। জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করবে। তাই কোনো ধরনের ভয়ভীতি, উসকানি কিংবা ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
পটিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা না করার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, ‘আমি পটিয়ায় কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে একটি মামলাও করিনি। সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের আমরা হয়রানি করতে চাই না। কিন্তু কেউ যদি অন্যায় করে, জনগণকে ভয়ভীতি দেখায় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, গত ১৭ বছর মানুষ স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে জনগণের সামনে নতুন করে অনেক বিষয় স্পষ্ট হয়েছে। থানা, হাসপাতাল, বাড়িঘর ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এনামুল হক এনাম বলেন, অপরাধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা বন্ধ না হলে দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণকে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের বিষয়গুলো বুঝতে হবে। সরকার প্রতিশোধের রাজনীতি না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি কর্মবীর ভদন্ত আর্যকীর্তি মহাথের। আশীর্বাদক ছিলেন সংগঠনটির উপদেষ্টা ভদন্ত বজিরানন্দ মহাথের। উদ্বোধন করেন পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত সিদ্ধার্থ বংশ থের। মুখ্য আলোচক ছিলেন পিঙ্গলা সার্বজনীন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পীযুষ বড়ুয়া। যৌথভাবে সঞ্চালনা করেন কুনাল চৌধুরী, রাসেল বড়ুয়া ও সুজন বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য ও যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী রেজাউল করিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন।
সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন আপন বড়ুয়া, ব্যবসায়ী শেখ মোহাম্মদ রাশেদুল আলম, সৌমেন বড়ুয়া ডিম্পল, প্রণয়ন বড়ুয়া শাপলা ও পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম। এ ছাড়া বক্তব্য দেন সমাজসেবক রুবেল বড়ুয়া, তুষার বড়ুয়া ও রিপন বড়ুয়া।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.