সাতকানিয়ায় দুই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত, ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত ও অনুমোদনহীনভাবে আইসক্রিম ও আইসবার উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পশ্চিম কাঠগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘আলিফ আইসক্রিম ফ্যাক্টরি’তে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে অনুমোদনহীন ও নকল লেভেলিং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে ‘নাহিয়ান আইসবার, সাতকানিয়া’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে একই আইনে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.