আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি লালা মেথর গ্রেফতার
চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি লালা প্রকাশ লালা মেথরকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজিরের পর সৃষ্ট সহিংসতার মধ্যে বিক্ষোভকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৭ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল সকালে নগরীর চকবাজার থানার হাসমত উল্লাহ মুন্সেফ লেন এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি লালা প্রকাশ লালা মেথর (৫৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লালা মেথর কোতোয়ালী থানার মেথর পট্টি এলাকার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এ ঘটনায় বিভিন্ন স্থানে প্রতিবাদ, মানববন্ধন ও আইনজীবীদের কর্মবিরতি পালিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.