দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে : আটক ৬
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল একযোগে অভিযান চালায়।
অভিযানকালে পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি চালানো হয়। পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতি ও বিচ্ছিন্ন বসতিগুলোকে অপরাধীরা যাতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ছয়জনকে আটক ও রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পুলিশ আরও জানায়, পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যান্য অপরাধ সংঘটিত করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধীরা দুর্গম পাহাড়ে আশ্রয় নিলেও আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান চলবে।
একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.