বাকলিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৮ মামলা–
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ির পাশে আব্দুস সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক ও হত্যা মামলার অভিযোগ ছিল। ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তথ্যমতে, আব্দুস সোবহানের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.