১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির জন্য আবেদন করেছেন। তাঁর আবেদন ঘিরে দেশে সহিংসতা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য নথি ফিরে পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই সময় ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।

তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।