অক্সিজেনের বাসা থেকে আটক উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন আজাদী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করেছে।

ওসি আরও জানান, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতাসহ আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

এদিকে শেখ আতাউর রহমানের ছেলে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার আটকের বিষয়টি স্বীকার করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে থাকায় এ মুহূর্তে বিস্তারিত কথা বলতে পারছেন না বলে জানান তিনি।