শিশুকে কামড়ানো সেই পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হলো ঘর থেকে—-

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর মৃত্যুর পর তার বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার রশিদ আহমেদের বাড়িতে প্রবাসী ওসমান আলীর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।

আমীর হোসাইন শাওন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে তিনি ঘটনাস্থলে যান। বসতঘরের ভেতরে একটি গর্ত দেখতে পান। পরে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে গর্ত থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি বিষধর পদ্ম গোখরা।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, আগের রাতে ঘরের ভেতর একটি ব্যাঙ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্যাঙ শিকার করতে সাপটি গর্ত থেকে বের হয়ে ঘরে ঢোকে। এ সময় শিশুটি ঘরের ভেতর খেলছিল। একপর্যায়ে আত্মরক্ষার্থে সাপটি শিশুটিকে ছোবল দেয় বলে ধারণা করা হচ্ছে।

শাওন আরও বলেন, সাপে কামড়ালে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। শীতের শুরুতে সাপ খাবারের সন্ধানে বের হয় এবং নিরাপদ আশ্রয় খোঁজে। তাই এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে। তিন বছর আগে ওসমান আলীর সঙ্গে ওয়াফিকা আলিফের বিয়ে হয়। আবদুল্লাহ ছিল তাঁদের একমাত্র সন্তান।