বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল ১৯ বছর বয়সী মিফতাহুল জান্নাতের। এইচএসসি পাসের পর শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র আনতে চট্টগ্রাম সিটি কলেজে যাওয়ার পথেই দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সাত দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না-ফেরার দেশে চলে গেলেন এই তরুণী।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মিফতাহুলের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি কলেজের উদ্দেশে বের হয়েছিলেন মিফতাহুল। পথে চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর তাঁকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন লাইফ সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা এবং স্বজনদের অপেক্ষা-প্রার্থনা কোনো কিছুই শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেনি।
মিফতাহুল জান্নাত এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম সিটি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছিলেন। সামনে ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই। উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। এসএসসি পরীক্ষার পর থেকে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। যে কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন বুনছিলেন, সেই কলেজের প্রয়োজনীয় কাগজপত্র আনতে যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত মিফতাহুল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগমের মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বাবাকে হারানোর পর মায়ের জীবনের আশা-ভরসার জায়গা ছিলেন মিফতাহুল। তাঁর এমন অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ার কৈয়গ্রামে তাঁদের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখার স্বপ্ন ছিল মিফতাহুলের। ছিল নতুন করে জীবন গড়ার প্রত্যাশা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর সব স্বপ্ন ও সম্ভাবনা। যে কাগজপত্র আনতে কলেজে যাওয়ার কথা ছিল, সেই কলেজে আর ফেরা হলো না তাঁর। স্বজনদের কাছে রেখে গেলেন এক বুক শূন্যতা আর না-পাওয়ার বেদনা।