কর্ণফুলী উপজেলায় নুরুল আবছার (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের সাত দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে প্রায় দুই মাস আগে নুরুল আবছারের সঙ্গে তাঁর স্ত্রী নাজমা আক্তারের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তাঁদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ ছিল নুরুলের বাবার কাছে। শিশুটিকে দুই লাখ টাকায় অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বিরোধ আরও জটিল হয়।
গত ১০ নভেম্বর রাত ১০টার দিকে মুঠোফোনে ডেকে কয়েকজন নুরুল আবছারকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরদিন বিকেলে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত বাঁধা ছিল।
এ ঘটনায় নুরুলের বাবা আব্দুর রহিম বাদী হয়ে ১১ নভেম্বর কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, নুরুল আবছারকে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার মামলায় সাত দিন পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের কর্ণফুলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।