চট্টগ্রাম: সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটি সাতকানিয়া সরকারি কলেজসংলগ্ন একটি মসজিদের পাশে অবস্থিত।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ওই ভবনে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস এবং ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন।
গভীর রাতে জানালা দিয়ে প্রধান ফটকে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত নিচে নেমে আসেন। তবে এর আগেই আগুন দেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে বোতলজাতীয় কিছু ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে থানায় আসতে বলা হয়েছে।