মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাতে ওই পুলিশ বক্সে কেউ অবস্থান করেন না। সকালে পুলিশ সদস্যরা এসে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, পুলিশ বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।