চট্টগ্রামে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম:  নগরের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সলিম উল্লাহ বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, সলিম উল্লাহ বাচ্চু চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।