চট্টগ্রাম: বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার পাশের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না।
বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মুরগির খামারে কয়েকজন অবস্থান করছিলেন। তাঁরা আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আমিনুর রহমানের ভাইয়ের শ্যালক এসে আগুন নেভান। এতে ঘরের ভেতরের কাঠের দরজায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।