চট্টগ্রামের ফটিকছড়িতে চাঞ্চল্যকর রোজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। দীর্ঘদিন ওমানে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে পরিচয় পরিবর্তন করে হাটহাজারীতে বসবাস করছিলেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আব্বাছিয়া পুল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব-৭। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রোজি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত মো. নাছিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে ছিলেন নাছির। এ সময় তিনি দীর্ঘদিন ওমানে অবস্থান করেন। পরে দেশে ফিরে নিজের পরিচয় পরিবর্তন করে মো. আজম নামে হাটহাজারীতে বসবাস শুরু করেন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।