৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ছেলেকে হারালেন কবির-আয়েশা দম্পতি, শূন্য হলো বাবা-মায়ের কোল—

চট্টগ্রামে ডেঙ্গু, হাম ও নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বাঁচানো গেল না দুই ভাইকে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চাকরিজীবী মোহাম্মদ কবির ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। তাঁদের ১০ বছর বয়সী বড় ছেলে আরাফাতের মৃত্যুর দুই দিন পর মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে আবু বক্কর আরব।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার বড় ভাই আরাফাত।

পরিবার সূত্রে জানা যায়, দুই ভাইয়ের অসুস্থতার শুরুটা প্রায় একইভাবে। প্রথমে তাদের ডেঙ্গু শনাক্ত হয়। পরে একে একে দেখা দেয় হাম ও নিউমোনিয়ার লক্ষণ। প্রায় দুই সপ্তাহ ধরে দুই সন্তানের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন বাবা-মা।

প্রথমে আরাফাতকে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ইমপেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার আশায় নেওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে।

বড় ছেলেকে হারানোর পর ছোট ছেলে আরবকে ঘিরেই বেঁচে থাকার শেষ আশাটুকু ধরে রেখেছিলেন কবির ও আয়েশা। লাইফ সাপোর্টে থাকা সন্তানকে বাঁচাতে চিকিৎসকদের কাছে বারবার আকুতি জানিয়েছেন বাবা কবির। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, অন্তত একটি সন্তান যেন ফিরে পান।

দুই সন্তানের চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন কবির। চাকরির বেতনে চিকিৎসার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়লেও সন্তানদের বাঁচাতে কোনো চেষ্টাই বাকি রাখেননি তিনি। তাঁর ভাষায়, ‘টাকা গেলে টাকা আসবে, ছেলেরা বেঁচে থাকুক।’

কিন্তু শেষ পর্যন্ত সেই আশাও পূরণ হলো না। ছোট ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েন বাবা-মা। কবিরের ভাষায়, ‘ডাক্তার বললো, বুকের মানিক আর নেই। আমাদের কোল শূন্য হয়ে গেল।’

সোমবার (৯ নভেম্বর) ছোট ছেলে আবু বক্কর আরবকে বড় ভাই আরাফাতের পাশেই দাফন করা হচ্ছে। চট্টগ্রামের মোমেনবাগ কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হবে দুই ভাই।

মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন শোকের সাগরে ভাসছেন কবির ও আয়েশা দম্পতি।