চট্টগ্রামে যুবককে গুলি, স্ত্রী বললেন ‘বড় সাজ্জাদ বাহিনীর হামলা’–

দেশের স্বার্থে ছোট সাজ্জাদকে ধরিয়ে দিয়েছি, এখন ঘর থেকে বের হতে পারছি না’

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁর স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তাঁর স্বামীকে গুলি করেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করে বলেন, ‘বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে আমার স্বামীকে গুলি করেছে। দেশের স্বার্থে ছোট সাজ্জাদকে ধরিয়ে দিয়েছি, এখন আমরা ঘর থেকে বের হতে পারছি না। বর্তমানে আমার স্বামী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক  বলেন, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে একজনকে গুলি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।