পটিয়া-বোয়ালখালী প্রীতিলতা সড়কে সিএনজি-রিকশার মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিতে আগুন, আহত ৩

পটিয়ায় সংঘর্ষের পর সিএনজিতে আগুন, প্রাণ বাঁচাতে নামতে গিয়ে আহত নারী ইউপি সদস্য

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী সড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিতে আগুন ধরে গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আইরিন সুলতানা নামে বোয়ালখালীর এক নারী ইউপি সদস্য। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আগুনে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পটিয়া-বোয়ালখালী সড়কের পটিয়ার ধলঘাট এলাকায় বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আইরিন সুলতানা বোয়ালখালীর একটি ইউনিয়ন পরিষদের সদস্য। দুর্ঘটনায় তাঁর এক পায়ে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল। পথে ধলঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজি অটোরিকশার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে দ্রুত গাড়ি থেকে নামতে শুরু করেন যাত্রীরা। এ সময় নামতে গিয়ে নারী ইউপি সদস্য আইরিন সুলতানা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে ও অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় ও আঘাতের বিস্তারিত জানা যায়নি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।