চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের কালেকশন বুথ থেকে অর্থ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালানো হয়। সেখানে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গত ২৭ জুন বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১ হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের সময় আইয়ুব আলী রংপুরে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অর্থের একটি অংশ বিভিন্ন কেনাকাটায় ব্যয় করা হয়েছে এবং কিছু টাকা অন্য একজনকে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানায়, চুরি হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।