হাটহাজারীতে বিদেশি রিভলভার ও ৫ দা”সহ আটক ৪, গণধোলাই থেকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ

হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি লম্বা দাসহ চার যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং একই এলাকার মো. হাসান মুরাদ (১৮)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাদের শনাক্ত করা হয়। পরে চারজন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং পাঁচটি লম্বা দা উদ্ধার করা হয় বলে দাবি করেন স্থানীয়রা।

ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের মারধর শুরু করলে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও ধারালো অস্ত্রগুলো জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল জানান, আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।