রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রায়হান গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রায়হান (২৪)। তিনি রাউজান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। মঙ্গলবার (১৬ জুন) র‌্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মধ্য বেতাগী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন দুপুরে ব্যবসায়িক কাজে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাসুদ। এ সময় সিএনজিযোগে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, হামলার পর আসামি রায়হান নিহতের পকেট থেকে মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন রাত ১০টা ৫ মিনিটে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার ৮ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রায়হান রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তেও সংশ্লিষ্ট আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।