পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে মোট ৬ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে মমতা এককভাবে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ ও বিতরণ করে।
মমতার উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির ১৩ প্রজাতির চারা বিতরণ করা হয়। চারার মধ্যে রয়েছে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা।
উপজেলার বিভিন্ন স্থানে রোপণের জন্য এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্কুল ও মাদ্রাসার দায়িত্বশীল প্রতিনিধিদের কাছেও চারা হস্তান্তর করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।