রাঙ্গুনিয়ায় হামলার ১২ দিন পর মারা গেলেন গাউসিয়া কমিটির নেতা–

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ সমাজসেবক মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫)। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সাইদুর রহমান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ছনাগাজী তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি সরফভাটা ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি এবং রাঙ্গুনিয়া-সরফভাটা নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর জঙ্গল সরফভাটা পাহাড়ে নিজের বাগান দেখতে গেলে চিহ্নিত কয়েকজন দুষ্কৃতকারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তাঁকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে এবং শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় এর আগে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধারের জন্য গেলে স্বজনরা ইতোমধ্যে জানাজার প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লিখিত আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রোববার বাদ জোহর চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব ও বাদ এশা পশ্চিম সরফভাটা হযরত আবদুল হামিদ শাহ (রহ.) ঈদগাহ ময়দানে পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুর খবরে সরফভাটাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ মর্মান্তিক ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।