চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। চার দিনব্যাপী এ টুর্নামেন্টের ছয়টি ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সোমবার পর্দা নামে প্রতিযোগিতার। নগরীর সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলো বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।
সোমবার দুপুর থেকে শুরু হওয়া ফাইনালে ছয়টি ইভেন্টে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বালক অনূর্ধ্ব-১৪ দ্বৈতে কেডিএসের আরিয়ান ও আহমেদুল জুটি, বালক অনূর্ধ্ব-১৮ দ্বৈতে দি একলি বাংলাদেশের রাহাত ও হামজা জুটি এবং বালক অনূর্ধ্ব-১৮ এককে একই প্রতিষ্ঠানের রাহাত। এছাড়া ভেটারান অনূর্ধ্ব-৪৫ দ্বৈতে আগ্রাবাদ কমরেড-১-এর নুরুল হক ও রমজান জুটি, পুরুষ দ্বৈতে কেডিএডের সাজ্জাদ ও আকিব জুটি এবং বালিকা দ্বৈতে কেডিএসের ফারিয়া ও জোবাইদা জুটি চ্যাম্পিয়ন হন।
ফাইনাল ম্যাচের ফলাফলে দেখা যায়, বালক অনূর্ধ্ব-১৪ দ্বৈতে কেডিএসের আরিয়ান ও আহমেদুল জুটি একই দলের রিধি ও মুসা জুটিকে ২-১ সেটে পরাজিত করে। বালক অনূর্ধ্ব-১৮ দ্বৈতে দি একলি বাংলাদেশের রাহাত ও হামজা জুটি সামস ব্যাডমিন্টন ক্লাবের জারিফ ও সাবিত জুটিকে সরাসরি ২-০ সেটে হারায়।
বালক অনূর্ধ্ব-১৮ একক ফাইনালে দি একলি বাংলাদেশের রাহাত নুর একই দলের হামজা মুহাম্মদকে ২-০ সেটে পরাজিত করেন। ভেটারান অনূর্ধ্ব-৪৫ দ্বৈতে আগ্রাবাদ কমরেড-১-এর নুরুল হক ও রমজান জুটি মল টুয়েন্টি ফোরের এনামুল ও আশরাফুল জুটিকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জেতে।
অন্যদিকে পুরুষ দ্বৈত ফাইনালে কেডিএডের সাজ্জাদ ও আকিব জুটি এন এন কর্পোরেশনের জয়নাল ও মাসুদ জুটিকে ২-১ সেটে পরাজিত করে। বালিকা দ্বৈত ফাইনালে কেডিএসের ফারিয়া ও জোবাইদা জুটি ফ্রেন্ডস ক্লাবের আনিসা ও জারা জুটিকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সল আহম্মেদ ও হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (সদর) ফেরদৌস আলী চৌধুরী, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান নিশান চাকমা, মহানগর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ নওশাদ ডি চৌধুরীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, বিভিন্ন ক্রীড়া কমিটির প্রতিনিধি, ব্যাডমিন্টন কমিটির সদস্য, সিজেকেএস কাউন্সিলর এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
চার দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগরীতে ব্যাডমিন্টন খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।