রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) তীব্র নিন্দা-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ঘৃণা, নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক ও বর্বরতার উন্মত্ত প্রকাশ’ বলে উল্লেখ করেছেন সিইউজে নেতৃবৃন্দ।
হামলায় দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত চার সাংবাদিককে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা সভ্য সমাজে কল্পনাতীত। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব যেন হামলাকারীদের দায়মুক্তির কারণ না হয়।
সিইউজে নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.