মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে চট্টগ্রামে “চ্যানেল আই” এর ২৮তম জন্মদিন উদযাপন
‘সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই আটাশে’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চ্যানেল আই চট্টগ্রাম অফিসের উদ্যোগে সুধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।

চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি, হালদা নদী বিশেষজ্ঞ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাপন একাডেমির শিল্পীরা চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি নিয়ে নৃত্য পরিবেশন করেন। পরে অতিথিরা চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিনের কেক কাটেন।

এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, নারী সংগঠক জেসমিন সুলতানা পারু, এনসিপির দক্ষিণ জেলার সদস্য সচিব জুবাইরুল আলম মানিক, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলী আব্বাস খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.