দুই বছর পর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
চট্টগ্রাম: দুই বছর বিরতির পর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। আগামী শুক্রবার (২০ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ মেলার উদ্বোধন করবেন।
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিতব্য এ মেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি থাকবেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার (১৮ নভেম্বর) নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
তিনি বলেন, চেম্বারের বোর্ড না থাকায় গত দুই বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবার মেলাটি সফল করতে চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।
চেম্বারের সাবেক সভাপতি ও সিআইটিএফ উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৩ সাল থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এবার পার্কের থিমে মেলাপ্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় লাখো মানুষের সমাগম ও কেনাকাটা হবে বলে আশা করছি। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা।
তিনি জানান, এবার মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ ছাড়া ব্যাংকক, ইরান ও ভারতের প্যাভিলিয়ন থাকবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলাকে আকর্ষণীয় করতে চেম্বারের সরাসরি তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, ফুডজোন ও মসজিদ নির্মাণ করা হচ্ছে। শিশুদের জন্য দুটি স্থানে প্লে-জোন স্থাপন করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মেলাপ্রাঙ্গণে সার্বক্ষণিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বেসরকারি নিরাপত্তাকর্মীরাও ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। মেলাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ মেলাপ্রাঙ্গণে অবস্থান করবে। দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন, যা দেশীয় শিল্পের বিকাশে নীতিনির্ধারণী পর্যায়ে সহায়ক হবে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, এবার স্টলগুলো স্টিলের কাঠামো ও টিনের ছাউনিতে তৈরি করা হচ্ছে।
সিআইটিএফ কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, মেলার অধিকাংশ ফুড কোর্ট ঢাকা থেকে আসবে। খাবারের দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.