জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার—-

১

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর একটি নেটওয়ার্কের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের মোবাইল ফোন পর্যালোচনা করে এমন ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনাবেচা ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে অভিযোগ রয়েছে। মেহেদী ও সাকিবুল ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজের অ্যাডমিন। একইভাবে আনোয়ারও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পারভেজকেও ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করত।

পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি ও সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মোবাইল ফোন ও ডিজিটাল আলামত পর্যালোচনায় ইতোমধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’, ‘জঙ্গল সলিমপুর নিউজ ২৪’, ‘জঙ্গল সলিমপুর মিডিয়া সেল’, ‘নাগরিকবার্তা ২৪’, ‘The Daily First Sun’ ও ‘The Daily News’ উল্লেখযোগ্য।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত একাধিক আইডি ও পেজ গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এসব পেজ ও আইডির মাধ্যমে অপপ্রচার, অর্থায়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা, ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধ এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জঙ্গল সলিমপুরে ছয়টি রাস্তা নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.