চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে পুলিশের হাতকড়া, ঘটনাস্থলেই স্বামীর মৃ’ত্যু—
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশের অভিযানের সময় ধস্তাধস্তির ঘটনায় মো. শহিদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় শহিদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য ওই পরোয়ানা কার্যকর করতে তাদের বাড়িতে যান। সেখানে সাবেরা খাতুনকে না পেয়ে তার স্বামী শহিদকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
নিহতের ভাই আব্দুল খালেক অভিযোগ করেন, তার ভাই কোনো অপরাধ করেননি জানিয়ে পুলিশকে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়। একপর্যায়ে শহিদের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের সদস্যরা শহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পায় পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.